কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ‘ওয়ান নাইট অপারেশন’ নামে একদিনের বিশেষ অভিযানে নারীসহ ৩৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া এই অভিযানে ২৯টি রিকল নিষ্পত্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশেষ এই অভিযান চালানো হয় চকরিয়া উপজেলার পৌরসভা ও ১৮টি ইউনিয়নে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনের নির্দেশে চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে থানা ও ফাঁড়ি পুলিশের একাধিক টিম টানা ৮ ঘণ্টাব্যাপী অভিযান চালায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিকল্পিত এই অভিযানে সাজাপ্রাপ্ত দুইজন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে ৮ ঘণ্টায় ২৯টি রিকলসহ ৬৬টি পরোয়ানা তামিল হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃত এসব আসামিকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।